Service
হাওর বাঁচাতে শুধু আলোচনা নয়, চাই বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা
মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি
হাওর শুধু বর্ষায় পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ জনপদ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মাছ, পাখি, উদ্ভিদসহ বিপুল জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবন-জীবিকা। হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে শুরু হয়েছে ‘হাওর সামিট ২০২৬’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শীতলক্ষ্যার অস্ট্রিচ হারবার ঘাটে সামিটের উদ্বোধনী পর্ব ও সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য—‘টেকসই হাওর ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’।
সেমিনারে বক্তারা বলেন, হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ও প্রতিবেশ ব্যবস্থায় অনিয়ন্ত্রিত হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অপরিকল্পিত উন্নয়ন, পানি প্রবাহে প্রতিবন্ধকতা, পরিবেশের পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ওপর বাড়তে থাকা চাপ হাওরাঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিতে হবে।
আলোচনায় অংশ নেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রধান হিসাব সংরক্ষণ কর্মকর্তা আহামেদুল হক, হাওরাঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান, তরু পল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, হাওর বিষয়ক লেখক ও গবেষক কাসমির রেজা, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিপন, সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক আবু জুবায়ের, হাওরবোট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আশফাক জামান এবং শীতলক্ষ্যা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক হাফিজুল ইসলাম।
সেমিনারে বক্তারা হাওরের মাছ ও জলজ সম্পদ রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং হাওরনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে হাওর উন্নয়নে স্থানীয় বাস্তবতা ও প্রাকৃতিক বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, হাওরের সমস্যা মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনগোষ্ঠী, গবেষক, পরিবেশবাদী সংগঠন, নীতিনির্ধারক ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আলোচনা নয়, হাওর রক্ষায় সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রয়োজন।
এদিকে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর পর্যন্ত প্রায় ৬৫০ থেকে ৭৫০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে চারটি হাওর ও সাতটি জেলার ওপর দিয়ে হাওর সামিটের নৌ-অভিযাত্রা পরিচালিত হচ্ছে। এ অভিযাত্রায় হাওরের প্রকৃতি, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মানুষের জীবন-জীবিকা, অভিযোজন ও সম্ভাবনা নিয়ে পর্যবেক্ষণ ও মতবিনিময় করা হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন সামস, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. সুমন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের লাইফ মেম্বার সাইফুল ইসলাম মুন্না এবং প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ বিশেষজ্ঞ অপু নজরুল।
আয়োজকদের প্রত্যাশা, হাওর সামিট ২০২৬ কেবল আলোচনা ও মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সামিট থেকে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে হাওর সংরক্ষণে কার্যকর উদ্যোগের পথ তৈরি হবে। একই সঙ্গে দেশের হাওরাঞ্চলের প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার দীর্ঘমেয়াদি সুরক্ষায় এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।